এই আমি আর সেই আমি
ক'দিন থেকে আমি 'আমাকে' খুঁজছি। খুঁজে পাচ্ছি না কোথাও। উদারতা আর ছাড়ের ভিড়ে 'আমাকে' হারিয়ে ফেলেছি। এই আমিকে 'আমি' মনে হচ্ছে না। সত্যিই তো! এখনকার আমি, আমি নই। তাহলে আমি কে? এই যে আমার চলা-বলা এগুলো তবে আমার না? আমি কে তাহলে? কোথায় আমার 'আমি'?
একবার তাকে পেয়েছিলাম। তখন আমি যেনো হয়েছিলাম প্রবল ক্ষমতাধর। কিন্তু আটকে রাখতে পারি নি। অবহেলা আর উদাসীনতার প্রবল ধাক্কায় হারিয়ে গেলো। সেই যে হারলো! আর আসে নি। তবে মাঝে মাঝে তার ছায়াকে দেখি। দূর থেকে। অ---নে----ক দূর থেকে। তবুও তখন আমাকে বেশ ভরশীল মনে হয়। প্রতিটা তন্ত্রী বেজে উঠে। সজাগ হতে হতে মরিচীকার মতো ফের হারিয়ে যায়।
ভোর হয়। দিন শেষে রাতও ফুরায়। কিন্তু 'আমি'টি তো আর আসে না। কেউ যেনো বলেছিলো- তোমাকে চিনতে হলে কবুল করতে হবে সকল যাতনা ও যন্ত্রণা। হিংসাদের সাথে যুদ্ধ করে জয় করতে হবে। দারিদ্রতাকে বন্ধু বানিয়ে তারই সঙ্গে রাত কাটাতে হবে। ভুলে যেতে হবে সুখ ও সমৃদ্ধির ভাষা। এভাবে পাড়ি দিতে হবে বিষাক্ত ঊর্মীমালায় বিক্ষুব্ধ সাগর। আর তখন ডাঙায় পাবে তোমার তুমিকে। সেজন্য দরকার প্রচণ্ড সাহস ও ধৈর্য্য। স্থীরতা ও অটলতা। পারবে কি তুমি হে প্রিয়?
0 মন্তব্যসমূহ